Type Here to Get Search Results !

ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই, কড়া বার্তা পুতিনের

 **ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই, কড়া বার্তা পুতিনের**


অনলাইন ডেস্ক  

১৯ আগস্ট, ২০২৪ ১০:০০



মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেন তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু অবকাঠামোতে হামলা বন্ধ করার বিষয়ে আলোচনা করতে পারে। তবে মস্কো এই দাবি সরাসরি অস্বীকার করেছে। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই বিষয়ে বক্তব্য দেন।


দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এবং ইউক্রেন তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করার জন্য একটি চুক্তি নিয়ে আলোচনা করছিল। এই আলোচনা কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা উভয় দেশকে আংশিক যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারত। কিন্তু রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ফলে আলোচনা বন্ধ হয়ে যায়।


জাখারোভা প্রতিবেদনের জবাবে বলেন, ‘কোনো আলোচনা বা চুক্তির প্রক্রিয়া নিয়ে কিছু ফাঁস করা হয়নি, কারণ এমন কিছু ছিলই না। রাশিয়া ও কিয়েভের মধ্যে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হয়নি।’


কাতারে সম্ভাব্য আলোচনার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দোহায় শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর, যা ২২ আগস্ট ভিডিও সম্মেলন আকারে অনুষ্ঠিত হবে।


রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোর ওপর হামলার অভিযোগ করে আসছে, যদিও উভয় পক্ষই এসব অভিযোগ অস্বীকার করেছে। 


পুতিনের সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে জাখারোভা জানান, পুতিন স্পষ্টভাবে বলেছেন, যারা রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে, তাদের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.